বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে ভারতের লোকসভা। বুধবার (২৮ জানুয়ারি) ভারতের সংসদের বাজেট অধিবেশনের সূচনালগ্নে শোক প্রস্তাবের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
অধিবেশন শুরুর আগে লোকসভায় উপস্থাপিত শোক প্রস্তাবে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক এক বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং লোকসভার সাবেক পাঁচজন সদস্যের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব পাঠ শেষে সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রয়াতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় লোকসভায় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ভারতের সংসদের এই আনুষ্ঠানিক শোকপ্রকাশকে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর পরপরই ভারতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এ উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় সফর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো লিখিত শোকবার্তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।