Ridge Bangla

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৮ থেকে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১২ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

This post was viewed: 2

আরো পড়ুন