Ridge Bangla

বোমা হামলার মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে কোন আলোচনা সম্ভব নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, চলমান সংঘাত ও বোমা হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আরাঘচি বলেন, “আমাদের জনগণ যখন বোমাবর্ষণের শিকার, তখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারি না।” তিনি দাবি করেন, সংঘাত শুরুর প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে জড়িত রয়েছে, যদিও এ বিষয়ে তিনি কোনো সরাসরি প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা অত্যন্ত বিপজ্জনক হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করলেও কূটনৈতিক সমাধানের সুযোগ রাখতে তা আপাতত স্থগিত রেখেছেন।

আরাঘচি বলেন, “আমরা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী। অতীতে কূটনীতির মাধ্যমে ফলপ্রসূ আলোচনা হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। তবে তার আগে আগ্রাসন বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে সম্পাদিত পরমাণু চুক্তি ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে একটি বড় অর্জন ছিল। বর্তমানে আবারও আলোচনা শুরু করার আহ্বান জানানো হলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ আলোচনার পথ আগ্রাসন বন্ধের মাধ্যমেই খুলবে।

This post was viewed: 50

আরো পড়ুন