দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে প্রায় ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি রিজার্ভ ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। আইএমএফ পদ্ধতি অনুযায়ী তখন তা প্রায় ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার ছিল। চলতি বছরের শুরুতে, ১৫ জানুয়ারি রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাসীরা তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে ৭৯ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা দেশের মুদ্রায় প্রায় ৯ হাজার ৬৭৪ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ কোটি ৮০ লাখ ডলার বেশি।
জুলাই ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রবাসী আয় হয়েছে ২০ হাজার ২২৬ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ বেশি। শুধু জানুয়ারি মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।