বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আজম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বেগম জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল।”
এর আগে সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি বলেন, “চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার উন্নত চিকিৎসা চলছে। চিকিৎসকরাই তার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমরা সবার কাছে দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
দলীয় সূত্র জানায়, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ একাধিক গুরুতর রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।