ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিয়ে করেছেন। তার জীবনসঙ্গীর নাম রাকিবুল হাসান। ৯ নভেম্বর (রোববার) পুরান ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাকিবুল নারায়ণগঞ্জের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার)।
বিয়ের পরদিনই নবদম্পতি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন ওমরা পালনের জন্য। তাদের দেশে ফেরার পরিকল্পনা আগামী ২৩ নভেম্বর। প্রিয়াঙ্কা জামান জানিয়েছেন, “রাকিবের সঙ্গে পরিচয় দীর্ঘ নয়। অল্প দিনের পরিচয়ে তার চরিত্র ও মানসিকতা যাচাই করে বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। তিনি একজন আদর্শ মানুষ, যিনি আমাকে সমর্থন করবেন এটাই মূল বিষয়।”
তিনি আরও বলেন, “নারী জীবনের স্বপ্ন থাকে একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া। রাকিব সেই স্বপ্নের মানুষ। বিয়ের পরপরই আমরা ওমরার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং একসঙ্গে জীবন কাটাতে পারি। জানুয়ারিতে পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”
রাকিবুল হাসান জানান, একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখেছি এবং প্রথম দেখাতেই ভালো লেগেছিল। পরে দু-তিনবার দেখা হয়, প্রেমের সম্পর্ক না রেখে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছি। পরিবারের মাধ্যমে তা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।
প্রিয়াঙ্কা জামান বর্তমানে ছোট ও বড় পর্দায় ব্যস্ত। তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচারিত হচ্ছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘যেমন জামাই তেমন বউ’। এছাড়া তার অন্যান্য মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হলো ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ ও ‘তবুও প্রেম দামি’।