Ridge Bangla

বিতর্ক আর অনিশ্চয়তার মধ্যেই ট্রফি ছাড়াই শুরু বিপিএলের দ্বাদশ আসর

নানা বিতর্ক, সমালোচনা ও আয়োজনগত অনিশ্চয়তার মধ্য দিয়ে শুক্রবার মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর। তবে উদ্বোধনী দিনেই আলোচনার কেন্দ্রে ছিল টুর্নামেন্টের ট্রফি না থাকায় ট্রফি প্রদর্শন ও ক্যাপ্টেনস ডে ছাড়াই শুরু করতে হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর।

টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা দেখা দিলে নতুন করে বিতর্কের জন্ম হয়। পরিস্থিতি সামাল দিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে অব্যবস্থাপনার অভিযোগ তুলে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন বর্জন করেন কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে আলোচনার মাধ্যমে তারা আবার দলে ফেরেন।

শুরুর দিকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়। পরে বিসিবি জানায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সীমিত পরিসরে উদ্বোধন আয়োজন করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে বিপিএলের পর্দা ওঠে।

উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর হাজারো বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে সব আয়োজনের মধ্যেও ট্রফি না থাকায় সমালোচনা থামেনি। জানা গেছে, বিদেশ থেকে তৈরি করা ট্রফিটি এখনও দেশে পৌঁছায়নি। ম্যাচ শেষে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এতে অংশ নেবেন বিভিন্ন শিল্পী, যারা ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করবেন। সব বিতর্ক ছাপিয়ে বিপিএল মাঠে গড়ালেও টুর্নামেন্টের শুরুর এই অস্বস্তিকর পরিস্থিতি আয়োজকদের প্রস্তুতি নিয়েই প্রশ্ন তুলেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

This post was viewed: 15

আরো পড়ুন