শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মাসব্যাপী ‘বিজয়ের যাত্রা উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত যাত্রাদলগুলোর অংশগ্রহণে সোমবার, বিজয় মাসের প্রথম দিন থেকেই, উৎসবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালার প্রধান ফটকে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে খুলনার পাইকগাছার সূর্যতরুণ নাট্য সংস্থা মঞ্চস্থ করে তাদের যাত্রাপালা ‘মৃত্যুর চোখে জল’। পুরো মাসজুড়ে দেশের ৩১টি যাত্রাদল ৩১টি ভিন্ন যাত্রাপালা পরিবেশন করবে।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে যাত্রাপালা মঞ্চায়িত হবে। ৩১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই বছরের মাসব্যাপী যাত্রা উৎসব।