বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে আর কোনো গুমের ঘটনা ঘটবে না। তিনি দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপুল বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরে আসবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় আয়োজিত পৃথক নির্বাচনী পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোটাধিকার। জনগণ স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে কোনো মা সন্তান হারানোর বেদনায় কাঁদবে না এবং কাউকে আর গুমের শিকার হতে হবে না।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি ভোটের নামে ধর্মীয় প্রলোভন দেখিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে এসব অপচেষ্টা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির এ নেতা বলেন, অতীতে গণতন্ত্র সংকুচিত হয়ে পড়েছিল, মানুষ মুক্তভাবে কথা বলতে ও ভোট দিতে পারেনি। এবার জনগণ স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।