রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি তরুণদের ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রণয়ন করতে চায়।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নে উদ্যোগ না নিলে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়।
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা মোকাবিলায় বিএনপি সরকার গঠন করলে স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ থেকে দশ বছরে বৈশ্বিক শ্রমবাজারে যেসব ভোকেশনাল দক্ষতার চাহিদা বাড়বে, সেগুলো চিহ্নিত করে কারিকুলামে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।
পরিবেশ ও জলব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়বে।
আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। চাঁদাবাজি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা গেলে এসব অপরাধ অনেকটাই কমে আসবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু হাসপাতাল নির্মাণ নয়, হেলথ কেয়ারার নিয়োগের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলতে চায় বিএনপি। একই সঙ্গে স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগের আওতায় এনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।