Ridge Bangla

বাসে আগুন–ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

রাজধানীতে বাড়তে থাকা আগুন ও ককটেল হামলার প্রেক্ষাপটে বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপকারীদের লক্ষ্য করে গুলি চালাতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ওয়্যারলেস বার্তায় তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের এক উপকমিশনারসহ তিনজন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, আমি ওয়্যারলেসে স্পষ্টভাবে বলেছি যদি কেউ বাসে আগুন দেয় বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করে, তাহলে তাকে গুলি করতে। আইনেই এ অধিকার দেওয়া আছে। গত পাঁচ দিনে আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড ‘ঢাকা লকডাউন’ ঘিরে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার ঘটনা ঘটছে। বিশেষত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সোমবার ঘোষিতব্য রায়কে কেন্দ্র করে দলটি রবিবার থেকে দুই দিনের অনলাইন কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে।

এক উপকমিশনার জানান, কমিশনারের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যদি কেউ পুলিশের ওপর ককটেল ছুড়ে মোটরসাইকেলে পালাতে চায়, তাহলে গুলি করে হলেও তাকে থামানো। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা পুলিশের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। অতীতেও রাজনৈতিক সহিংসতায় পুলিশ ছিল প্রধান টার্গেট।

বিকেলে ডিএমপি সদর দপ্তরে দেখা যায়, কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কিছু কর্মকর্তা দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারার ব্যাখ্যা তুলে ধরেন, যেখানে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারকে অপরাধমুক্ত বলা হয়েছে। এর আগে চট্টগ্রামে টার্গেট কিলিং বেড়ে যাওয়ায় গত সপ্তাহে সিএমপি কমিশনারও অস্ত্রধারী সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

This post was viewed: 24

আরো পড়ুন