Ridge Bangla

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন আনা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের অগ্রাধিকার ও নীতিগত কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই এসব পরিবর্তন করা হচ্ছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মপরিকল্পনা, পছন্দ ও নীতিগত চিন্তাভাবনা রয়েছে। এসব বাস্তবায়নের স্বার্থে যেখানে প্রয়োজন হবে, সেখানে পরিবর্তন আনা হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য অনেক জায়গাতেও পরিবর্তন আনা হয়েছে এবং প্রয়োজনবোধে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় এলে তাদের নীতি ও অগ্রাধিকার অনুযায়ী প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসাই স্বাভাবিক। এটি কোনো ব্যতিক্রমী বিষয় নয়।

এর আগে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ অনুযায়ী তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন