বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও সহিংসতা-নির্যাতনের শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ মিলিয়ন ডেনিশ ক্রোন (প্রায় ৪০ কোটি টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।
সোমবার (১০ নভেম্বর) ঢাকায় ডেনিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সহায়তা আগামী তিন বছরে ডেনমার্কভিত্তিক তিনটি সংস্থা ডিগনিটি, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এবং ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএইচআর)-এর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়িত হবে। এই কনসোর্টিয়াম বাংলাদেশের নাগরিক সমাজকে শক্তিশালী করা, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, এবং নির্যাতন ও সহিংসতার শিকারদের পুনর্বাসনে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে।
বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, মানবাধিকার ও জবাবদিহিতার চ্যালেঞ্জ মোকাবিলায় এখন একটি গুরুত্বপূর্ণ সময়। এই উদ্যোগ ন্যায়বিচার ও গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নিতে সহায়তা করবে।
ডিগনিটির প্রধান নির্বাহী রাসমুস গ্রু ক্রিস্টেনসেন বলেন, “একটি শক্তিশালী নাগরিক সমাজ মানবাধিকার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মূল ভিত্তি। আমরা স্থানীয় অংশীদারদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তা করব।”
আইএমএস-এর নির্বাহী পরিচালক জেসপার হোজবার্গ জানান, “স্বাধীন ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যম ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে।”
এদিকে ডিআইএইচআর-এর আন্তর্জাতিক পরিচালক মেটে থাইগেসেন বলেন, “বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা হবে।”