দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বিমানটি নতুন ছাপানো নোট পরিবহনের সময় দুর্ঘটনার শিকার হয়। আরও কয়েকজন আহত হয়েছেন।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, হারকিউলিস সি-১৩০ কার্গো বিমানটি লা পাজ সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে বিমানটি মহাসড়কে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রধান পাভেল তোভার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমান যাত্রী ছিলেন এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়িতে ছিলেন, তা স্পষ্ট নয়।
বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল সার্জিও লোরা বলেন, উড়োজাহাজটিতে মোট ৬ জন ক্রু ছিল। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, দু’জন এখনও নিখোঁজ। বিমানটি পূর্বাঞ্চলীয় সন্তাক্রুজ শহর থেকে এল আলতো শহরের দিকে যাচ্ছিল। উড়োজাহাজের বিধ্বস্ত হওয়ার ফলে কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর ছড়িয়ে থাকা নোট হাতিয়ে নেওয়ার জন্য জনতা সেখানে ভিড় করেছে।