বরিশালে এক শিক্ষার্থীকে দিয়ে যৌন হয়রানির মিথ্যা মামলা এবং স্কুল জাতীয়করণে দুর্নীতির অভিযোগে ২৪ শিক্ষকসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, শিক্ষক শেখ জেবুন্নেছা, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং মামলার বাদী সেকান্দার আলী। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ জন শিক্ষকও জাতীয়করণ দুর্নীতির অভিযোগে পরোয়ানা পেয়েছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৬ মে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে মানহানির চেষ্টা ও বরখাস্তের অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীর অভিভাবককে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির মামলা করা হয়। পিবিআই ও অতিরিক্ত জেলা প্রশাসকের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।
অন্যদিকে জাতীয়করণের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া রেকর্ড তৈরি করে প্রায় এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেছে।