Ridge Bangla

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব কাটতে না কাটতেই নতুন লঘুচাপের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

রোববার (২ নভেম্বর) রাতে দেওয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে, তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদী অববাহিকায়, ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, নতুন লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে দেশের অন্যত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাবে দক্ষিণাঞ্চলের আকাশে মেঘলা অবস্থা ও হালকা বৃষ্টির প্রবণতা এখনো রয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, বঙ্গোপসাগরে এখনো উষ্ণ জলরাশি ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, ফলে নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

This post was viewed: 27

আরো পড়ুন