Ridge Bangla

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ মনোনয়নপত্র উত্তোলন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ধাপে ধাপে সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনছে। ইতোমধ্যে সারাদেশে প্রায় ২৭৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে কিছু আসনে প্রার্থী পরিবর্তনও করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দলীয় নেতৃত্বের মূল লক্ষ্য যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

এ লক্ষ্য বাস্তবায়নে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে ধারাবাহিকভাবে রুদ্ধদ্বার বৈঠক করছে বিএনপি। এসব বৈঠকে নির্বাচনী কৌশল, মাঠপর্যায়ের কার্যক্রম এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে জনসম্পৃক্ত আট দফা কর্মসূচি নিয়ে ঘরে ঘরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষ শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রায় ৯০ জন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবারও ধারাবাহিকভাবে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়। বিএনপির নেতারা বলছেন, এসব বৈঠক মূলত একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যার মাধ্যমে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা হচ্ছে।

This post was viewed: 17

আরো পড়ুন