Ridge Bangla

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।”

শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপে ‘আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি—এই পরিচয়কে ধারণ করতে হবে।” তিনি আরও বলেন, “দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব নৃগোষ্ঠী, উপজাতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সবাইকে বাংলাদেশি হিসেবে একত্রিত হতে হবে।”

ভাষা, সংস্কৃতি কিংবা ধর্ম কোনো জাতিকে এককভাবে সংজ্ঞায়িত করে না উল্লেখ করে তিনি বলেন, “সব ভাষাভাষী, ধর্মাবলম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও নৃগোষ্ঠী মিলেই একটি জাতি গঠিত হয়।” স্বাধীনতার পঞ্চাশ বছর পরও রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তাদের আলাদা করতে চেয়েছে রাজনৈতিক মহল, তবে বিজয়ের পরও তারা নিজেদের সেই ইতিহাস অস্বীকার করেনি।” দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন কখনো ভেঙে না যায়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

This post was viewed: 39

আরো পড়ুন