Ridge Bangla

ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

ফেনীর সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অন্তত তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ব্যাংক ভবনের নিচতলার সিঁড়ি কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্র ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতোই বুধবার রাতেও শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দ্বিতীয় তলায় কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কাজ শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ভবনের নিচতলার সিঁড়ি কক্ষে থাকা কলাপসিবল গেটের ভেতরে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ভবনের ওপরতলায় অবস্থানরত কর্মকর্তারা দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন ওপরতলায় ছড়িয়ে পড়তে পারেনি। তবে সিঁড়ি কক্ষে রাখা তিনটি মোটরসাইকেল এবং দুটি বসার বেঞ্চ সম্পূর্ণ পুড়ে গেছে। গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘটনার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 11

আরো পড়ুন