Ridge Bangla

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা কানাডার

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য এমন উদ্যোগের ঘোষণা দিয়েছিল। এ নিয়ে উন্নত সাত দেশের জোট জি-৭-এর তিন সদস্য এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অবস্থান নিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনের সময় এই স্বীকৃতি ঘোষণা করা হতে পারে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়। দ্রুত অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক দায়িত্ববোধ থেকে আমরা এই সিদ্ধান্ত বিবেচনা করছি।”

তবে মার্ক কার্নি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কিছু শর্তসাপেক্ষ। এর মধ্যে রয়েছে—ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার আনা, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে সাধারণ নির্বাচন আয়োজন এবং ভূখণ্ডটিকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি প্রদান।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন—তবে তা নির্ভর করবে ইসরায়েলের কিছু শর্ত পূরণ না করার ওপর।

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ইতোমধ্যেই প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়তে থাকে। এ নিয়ে গত মঙ্গলবার কানাডার প্রায় ২০০ জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মার্ক কার্নির উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন, যেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

This post was viewed: 29

আরো পড়ুন