নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী পারাপারের সময় চলন্ত ফেরি থেকে একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ দুজনের মরদেহ রাত দেড়টার দিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যান চালক স্বাধীন (২৫)।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, ফেরিটি ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছাড়ার পর ট্রাকটি হঠাৎ স্টার্ট হয়ে যায়। এর ধাক্কায় ট্রাকের সামনের মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান নদীতে পড়ে তলিয়ে যায়।
জেলা প্রশাসন দুর্ঘটনার দ্রুত তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, নদীর গভীরতা পরিমাপ ও ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। সহকারী পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, পানি গভীরতার হিসাব নেওয়ার পর ধাপে ধাপে উদ্ধার অভিযান চলবে।