ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩ জন প্রবাসী ভোটদানের পর সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। ইতিমধ্যেই ১৯ হাজার ৩৮৮টি ব্যালট দেশে পৌঁছেছে।
এছাড়া দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন, তাদের কাছে সোমবার থেকে ব্যালট পাঠানো শুরু হয়েছে। ইসি জানিয়েছে, এবার মোট ৬ লাখ ৮৩ হাজার ১২২ প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণকারী প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন। এবারই প্রথম প্রবাসী ভোটাররা বিদেশে বসেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশের ভেতরের পোস্টাল ব্যালট প্রাপ্ত ভোটাররা দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাবেন। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো না হলে তা গণনা হবে না। এছাড়া প্রার্থীর নাম ও প্রতীকের সঙ্গে ব্যালট প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রবাসী ভোটের ফল গণনার সময় সম্পর্কেও জানানো হয়েছে। প্রবাসীদের ব্যালট এফোর সাইজের দুই পাশে থাকায় প্রতিটি ভোট স্ক্যান করতে বেশি সময় লাগবে। ফলে ফলাফল নির্ভুল রাখার জন্য কিছু সময় বেশি লাগতে পারে।