অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে দুই নেতা একান্তে আলোচনা করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তারা। আলোচনায় বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে শেরিং তোবগেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান অধ্যাপক ইউনূস। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সহযোগিতা জোরদার, আঞ্চলিক সংযোগ, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পায় বলে জানা গেছে। এর আগে দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গেও আলোচনায় বসেন। এসব বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।