সকল রাজনৈতিক দলের সঙ্গে ক্রমাগত বৈঠক এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) তিনি এই অভিনন্দন জানান।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যাত্রা শুরু করা জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন। এটি কেবল জাতীয় নির্বাচনের পথ সুগম করবে না, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্দেশক হিসেবে গণতন্ত্রকে আরও সুসংহত করবে।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণ প্রত্যাশায় আছে এমন পরিবর্তনের, যা গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে, আর কখনো স্বৈরাচার দেশে প্রবেশের সুযোগ দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নিজেদের সংকট নিজেরাই সমাধান করেছি। অন্য কোনো দেশের মধ্যস্থতা ছাড়াই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এই জুলাই সনদ সারাবিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত।”
ড. ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দারকে ধন্যবাদ জানান। এছাড়া, গণমাধ্যমকর্মীদেরও কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা কমিশনের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারে এই অভূতপূর্ব ঐক্য ধরে রাখা অপরিহার্য। দেশের ভবিষ্যৎ রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন।