অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্বামী-স্ত্রী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
এর আগে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। তিনি তখন বলেছিলেন, “বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।”
মন্ত্রিপরিষদ বিভাগের এ উদ্যোগকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও উপদেষ্টাদের সম্পদের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাধারণ নাগরিক ও সংবাদমাধ্যম এই তথ্য থেকে উপদেষ্টাদের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হতে পারবে।