বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
বিবৃতিতে গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। তিনি এ দায়িত্ব গ্রহণ করায় তাকে এবং বাংলাদেশের জনগণকে সাম্প্রতিক নির্বাচনের জন্য শুভেচ্ছা জানান। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
গ্রেস মেং উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদী হয়ে নির্বাচন প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। তারা বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, তার নির্বাচনি এলাকায় বসবাসরত বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। সেই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।