জনপ্রিয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পৃথক দুটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখা জানিয়েছে, রাত ১টা ৪০ মিনিটের দিকে দ্য ডেইলি স্টারের ভবনে সৃষ্ট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রথম আলো কার্যালয়ের আগুনও নিয়ন্ত্রণে এলেও ভোরের দিকে ভবনের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এ কারণে ফায়ার সার্ভিস সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষুব্ধ ব্যক্তি ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় ভবনে থাকা কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
হামলা ও অগ্নিকাণ্ডের কারণে দুই পত্রিকার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের মুদ্রিত সংস্করণ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে পত্রিকা দুটির অনলাইন কার্যক্রমও সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানান, আকস্মিক এই হামলায় অবকাঠামো ও কারিগরি ব্যবস্থাপনায় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।