Ridge Bangla

প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলেও এগিয়ে এলেন না কেউ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় প্রকাশ্য রাস্তায় তিন ব্যক্তির মারধরে এক সিএনজিচালিত অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) রাতের এই ঘটনার সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।

পুলিশ জানায়, নিহতের নাম খোরশেদ আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার ওপর খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে প্রথমে ধাক্কা দেওয়া হয় এবং পরে লাঠিপেটা করা হয়। মাটিতে লুটিয়ে পড়ার পরও মারধর চলতে থাকে। একপর্যায়ে নড়াচড়া বন্ধ হলে হামলাকারীরা চলে যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোরশেদকে রাতেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির জানান, ভিডিও দেখে হামলাকারীদের একজনকে শনাক্ত করার পাশাপাশি আরেকজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

This post was viewed: 5

আরো পড়ুন