Ridge Bangla

পুলিশের সক্ষমতা বাড়াতে ইতালির সহায়তা আসছে

বাংলাদেশে অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে এবং পুলিশ বাহিনীর দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে ইতালি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সচিবালয়ে নিজের দপ্তরে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকে আসন্ন ৫–৬ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু পিয়ান্তেডোসির বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। এই সফরে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে উন্নত প্রশিক্ষণ প্রদান, জনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকের শুরুতে ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালি বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। তিনি উল্লেখ করেন, ইতালির শ্রমবাজারে নিয়োজিত প্রায় আড়াই লাখ দক্ষ বাংলাদেশি কর্মী রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে দেশটিতে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

This post was viewed: 39

আরো পড়ুন