Ridge Bangla

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহে একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার সাত আসামিকে আদালতে হাজির করা হয়। আটক ব্যক্তিরা সবাই ময়মনসিংহের দিঘারকান্দা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১০ জানুয়ারি মো. রাসেল নামে এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাসেলের পরিবার ঘটনার পরদিন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করে। সেখানে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পুলিশের পাঁচ সদস্যের একটি দল এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি আরিফুল ইসলামকে আটক করে। অভিযোগ রয়েছে, রাসেলকে আরিফুল এবং তার সহযোগীরাই কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

তবে আরিফুলকে থানায় নেওয়ার পথে তার পিতা শতাধিক লোককে সঙ্গে নিয়ে সংঘবদ্ধভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়াসহ আটক আসামিকে ছিনিয়ে নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় রাতেই সহকারী উপ-পরিদর্শক বাদী হয়ে নতুন একটি মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখপূর্বক শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হামলায় নেতৃত্বদানকারী আরিফুলের বাবা মো. সাগর আলী (৬০), রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭), নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 9

আরো পড়ুন