বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের নাম হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও হৃদয়ে তিনি বহন করেন লাল-সবুজের পতাকা। বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডার এখন পুরো জাতিকে গর্বিত করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন হামজা। অনুষ্ঠানে তাকে ঘিরে ছিল ভক্ত-সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস। উপস্থিত অনেকে ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই তারকার সঙ্গে হাত মেলাতে ও ছবি তুলতে ভিড় জমান। হাসিমুখে সবার ভালোবাসা গ্রহণ করেন তিনি।
হামজা বলেন, বাংলাদেশে এসে আমি যে ভালোবাসা পাই, সেটা ভাষায় বোঝানো যায় না। এই স্নেহই আমাকে বারবার এখানে ফিরতে বাধ্য করে। নিজের পরিবারের কথা তুলে ধরে তিনি আরও বলেন, যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা জিজ্ঞেস করে আমরা কবে আবার ফিরব। ইনশাআল্লাহ, তারা মার্চে আবার এখানে আসবে।
দেশের প্রতি দায়িত্ববোধ নিয়েই হামজার অঙ্গীকার, প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি বাংলাদেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটির এই মিডফিল্ডার। ২০২৪ সালের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। মাঠে তার উপস্থিতিতে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা এসেছে যার প্রমাণ, সাম্প্রতিক এক ম্যাচের ১৮ হাজার ৩০০ টিকিট মাত্র তিন মিনিটেই বিক্রি হয়ে যাওয়া। আগামীকাল (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন হামজা চৌধুরী।