Ridge Bangla

পিলখানার হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানায় সংঘটিত ২০০৯ সালের মর্মান্তিক হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহীদ দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানার বর্বরোচিত ঘটনায় শাহাদাতবরণকারী কর্মকর্তা ও তাঁদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম তা ক্ষমা করবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, পিলখানার ঘটনার মধ্য দিয়ে দেশের জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাঁদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতাকেও স্মরণ করেন। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির নির্মম ঘটনা জাতির ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়েও আজও বহমান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

This post was viewed: 3

আরো পড়ুন