৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১২১ দেশের সুন্দরীদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা ইতিমধ্যেই নতুন ইতিহাস গড়েছেন। পিপলস চয়েস ভোটে শীর্ষে উঠে এসে তিনি কেবল নিজের নয়, পুরো দেশের গৌরবকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। এই সাফল্য বাংলাদেশি সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং প্রতিভার এক নতুন জয়যাত্রার ইঙ্গিত দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিস ইউনিভার্স বাংলাদেশ এবং মিথিলার ব্যক্তিগত পেজ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। অফিসিয়াল পেজে জানানো হয়েছে, আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোট অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।
মিথিলার সদ্য প্রকাশিত এক ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অন্য একটি পোস্টে ভক্তদের প্রতি আহ্বান জানানো হয়েছে, “বাংলাদেশ এখন পিপলস চয়েসের শীর্ষে। এই অবস্থান ধরে রাখতে ১৯ নভেম্বর পর্যন্ত শক্তভাবে ভোট দিন।”
তবে ভোটের লড়াই এখনও শেষ হয়নি। ১৯ নভেম্বর পর্যন্ত ‘পিপলস চয়েস’ ভোট চলবে। এই সময়ের মধ্যে মিথিলা শীর্ষে থাকলে সরাসরি মিস ইউনিভার্স অর্থাৎ বিশ্বসুন্দরীর খেতাব জিতবেন। প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের সুন্দরীরা ভোটের তালিকায় ওঠানামা করছেন। মিথিলার ভক্ত-অনুরাগীরা নিরলসভাবে ভোট দিয়ে তাকে শীর্ষ অবস্থানে রাখতে কাজ করছেন এবং আরও মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।