Ridge Bangla

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি, ভোল্ট থেকে ১২ লাখ টাকা লুট

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় গভীর রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বুধবার (১৮ জুন) রাতের কোনো এক সময় জানালার গ্রিল কেটে চোরেরা ব্যাংকে প্রবেশ করে ভোল্ট ভেঙে প্রায় ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা নিয়ে যায়।

চুরি হওয়া অর্থ ছাড়াও অফিসের কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায় চোরেরা—যাতে তাদের চেহারা শনাক্ত করা না যায় বলে সন্দেহ করা হচ্ছে।

ব্যাংকের ম্যানেজার রাসেল প্রামাণিক জানান, বৃহস্পতিবার সকালে অফিসে এসে ভাঙচুরের চিত্র দেখতে পান। শাখা ইনচার্জ নাঈম হাসান জানান, চেয়ারে পায়ের ছাপ পাওয়া গেছে এবং পরিকল্পিতভাবে সিসিটিভি অকার্যকর করে চুরি সংঘটিত হয়েছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভোল্টের চাবি ব্যবহার করা হয়েছে। তাই ব্যাংকের অভ্যন্তরীণ কেউ জড়িত থাকতে পারে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর টেবুনিয়াসহ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।

This post was viewed: 41

আরো পড়ুন