Ridge Bangla

পাঁচ ব্যাংকের আরও ১০০০ কোটি টাকা বিতরণ হবে এনজিওর ক্ষুদ্র ঋণ হিসাবে

পাঁচটি ব্যাংকের আরও এক হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণ হিসেবে বিতরণ করা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থার (এনজিও) মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদহার হবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) নির্ধারিত ২২ থেকে ২৭ শতাংশ। আর এনজিও পর্যায়ে সুদহার নির্ধারিত হবে ব্যাংক ও এনজিওর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।

এই ঋণের গ্যারান্টার হয়েছে সরকারি সংস্থা পিকেএসএফ। গ্যারান্টার হিসেবে পিকেএসএফ নির্ধারিত হারে ঝুঁকি সুদ পাবে। এ লক্ষ্যে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)’–এর আওতায় যমুনা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এনসিসি ব্যাংকের সঙ্গে পিকেএসএফের পৃথক পাঁচটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরে আগারগাঁওয়ে অবস্থিত পিকেএসএফ ভবন–১-এ আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষর হয়।

অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র উদ্যোগ খাতের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে তহবিল স্বল্পতা দূর করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে সিইএস বাস্তবায়ন করছে পিকেএসএফ। এ স্কিমের মাধ্যমে পিকেএসএফ-এর সহযোগী ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানসমূহে, বিশেষ করে তুলনামূলকভাবে ছোট আকারের সংস্থায় ব্যাংক ঋণের প্রবাহ বাড়ছে। এর ফলে দেশের দরিদ্র ও ভৌগোলিকভাবে অনগ্রসর অঞ্চলের জনগোষ্ঠীর কাছে তহবিলের সমতাভিত্তিক বণ্টন নিশ্চিত হচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন