Ridge Bangla

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার: র‍্যাব

ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. রাশেদ ওরফে লোপন (৩৫) ও মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০)। তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন।

র‍্যাব জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মধ্যরাতে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে লোপন এবং উত্তরার দিয়াবাড়ি থেকে কাল্লুকে আটক করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে উভয়েই পলাতক ছিলেন। দেশত্যাগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে ঢাকায় এসেছিলেন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব আরও বলেছে, গ্রেপ্তার লোপনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্যমতে, তারা দুজনই পেশাদার শুটার। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত কয়েকটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ এলাকার একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে মুখোশধারী তিনজন হামলাকারী কাছ থেকে গুলি করে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করে। ঘটনার পর পালানোর সময় হামলাকারীরা অটোরিকশাচালককেও গুলি করে আহত করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন