Ridge Bangla

নির্বাচন সামনে রেখে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র‍্যাবের আভিযানিক সক্ষমতা জোরদারে ১৬৩টি যানবাহন কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, র‍্যাবের জন্য তিনটি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস কেনা হবে।

গাড়িগুলোর মূল্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে কেবল ক্রয় পদ্ধতির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির চূড়ান্ত অনুমোদনের সময় গাড়ির দাম নির্ধারিত হবে।

দরপত্র ছাড়াই কেনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেই ব্যবহারের লক্ষ্যে সরকারি মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ দেশের প্রথম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বলেও তিনি উল্লেখ করেন।

প্রস্তাবনায় বলা হয়েছে, ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালে একনেক সভায় অনুমোদিত হয়, যার মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। যানবাহনের সংকট দূর করে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবকে আরও কার্যকর ও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে একই বৈঠকে চলতি অর্থবছরে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড থেকে স্বল্পমেয়াদে পাঁচটি এলএনজি কার্গো আমদানিসহ মোট ছয়টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন