আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বা আগমনের পর ভিসা সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনকালীন সময়ে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে যেসব দেশের নাগরিকরা এতদিন বাংলাদেশে আগমনের পর ভিসা সুবিধা পেয়ে আসছিলেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলো আনুষ্ঠানিকভাবে অবহিত করা শুরু করেছে।
এর অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ভ্রমণ ইচ্ছুক বিদেশি নাগরিকদের নিয়মিত প্রক্রিয়ায় আগেই ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচন শেষ হলে পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকালীন সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নির্বিঘ্ন রাখতে সরকার এ পদক্ষেপ নিয়েছে।