Ridge Bangla

নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানি কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর অষ্টম দিনের শুনানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এই আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে। আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন।

এর আগে গতকাল নির্বাচন কমিশনে শুনানিকৃত ৪৩টি আপিল আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয় এবং ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল আবেদনও নামঞ্জুর করা হয়েছে। এছাড়া চারটি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

This post was viewed: 3

আরো পড়ুন