Ridge Bangla

নির্বাচন ও গণভোট উপলক্ষে যান চলাচলে বিধি-নিষেধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে যান চলাচলে সাময়িক বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রোববার (১ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত একদিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে কয়েকটি ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত দেশি-বিদেশি পর্যবেক্ষকদের যানবাহন এ বিধি-নিষেধের বাইরে থাকবে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। এ ছাড়া বিমানযাত্রী ও তাদের স্বজনদের যাতায়াতের ক্ষেত্রে টিকিট বা উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে যান চলাচলের অনুমতি থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন ও নির্ধারিত স্টিকার সাপেক্ষে নির্দিষ্টসংখ্যক যানবাহন ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সাংবাদিক, জরুরি কাজে নিয়োজিত ব্যক্তি, নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী এবং টেলিযোগাযোগ সেবায় ব্যবহৃত বিটিআরসি অনুমোদিত যানবাহনও শর্তসাপেক্ষে চলাচল করতে পারবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

This post was viewed: 6

আরো পড়ুন