Ridge Bangla

নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য, সংযম ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বুধবার (২৮ জানুয়ারি) পটুয়াখালী ও খুলনা অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের সময় সেনাপ্রধান এসব নির্দেশনা দেন। সফরের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেনাপ্রধান বলেন, নির্বাচন ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সকল বাহিনীর মধ্যে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

পরে তিনি পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান খুলনার উদ্দেশে রওনা হন।

This post was viewed: 5

আরো পড়ুন