জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার আহ্বান জানান।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে ঢাকায় একটি গণমাধ্যমের কার্যালয় থেকে ২১ সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ মাঠ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।