Ridge Bangla

নির্বাচনকে ঘিরে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বেচা-কেনা রোধে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি রাখা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে ভোট কেনা-বেচা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি থাকবে। ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল এজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন হলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে নির্বাচন পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে, যাদের তদন্ত ও বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে।

ইসি গণভোটে ভোটারদের অংশগ্রহণে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে তারা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে মত প্রকাশ করতে পারে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার সভাপতিত্ব করেন এবং নির্বাচনী দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 24

আরো পড়ুন