সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়েছে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছে। তবে এসব তথ্য সত্য নয় বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে পরীক্ষা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোডও শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
আরও বলা হয়, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, তবে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অসাধু ব্যক্তির যেকোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।