Ridge Bangla

নারায়ণগঞ্জে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নারায়ণগঞ্জে শুল্ককর ফাঁকি দিয়ে আনা প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হলে প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। একই সঙ্গে ভ্যানের চালক ও মালামাল পাচারকারী একজনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মালামাল বর্তমানে বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত পাচারকারী ও ভ্যানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, কোস্ট গার্ড চোরাচালান রোধে কার্যক্রম অব্যাহত রাখবে এবং দেশের নিরাপদ বাণিজ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের অভিযান চালাবে।

অভিযান পরিচালনার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং স্থানীয় এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় রাখা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন