Ridge Bangla

নারায়ণগঞ্জে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তার এক ছেলে আহত হয়েছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজুল হকের ছেলে এবং তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতরা ভবনের দ্বিতীয় তলার প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর চারটি কক্ষে থাকা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। একপর্যায়ে ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ডাকাতির সময় গৃহকর্তার চার বছর বয়সী নাতিকে ভয় দেখাতে তার গলায় পা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন সিরাজ মিয়া। এতে পরিবারের সবাই চরম আতঙ্কে পড়ে যায়। পালানোর সময় ডাকাতরা একটি বড় আকারের ছুরি ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-গ) মেহেদী ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

This post was viewed: 14

আরো পড়ুন