নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৮৮ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরিবেশবিধি লঙ্ঘন করে এসব পলিথিন পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (৫ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৭ হাজার ৩৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৩২ হাজার টাকা।
তবে এ ঘটনায় চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।