Ridge Bangla

নাটকীয়তার অবসান, ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের কঠোর অবস্থানের নাটকীয় অবসান ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে পাকিস্তান সরকার জাতীয় দলকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুমোদন দিয়েছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি মেনে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে এই মহারণ। রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের পর সংকট সমাধানের ইতিবাচক পথ তৈরি হয়। বৈঠকের ফলাফল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করেন। পরে প্রধানমন্ত্রী ম্যাচ খেলার চূড়ান্ত অনুমোদন দেন।

পাকিস্তানের অবস্থান পরিবর্তনে বড় ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েক। তিনি সরাসরি শেহবাজ শরিফকে ফোন করে কলম্বোয় ম্যাচ খেলার জন্য অনুরোধ করেন। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান তাদের ক্রিকেটকে সমর্থন দিয়েছিল। পাকিস্তান শীর্ষ নেতারা এই দীর্ঘদিনের সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে মাঠে নামার নির্দেশ দেন।

এর আগে লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকে পিসিবি আইসিসিকে তিনটি শর্ত দিয়েছিল। অবশেষে সেই শর্ত মেনে নেওয়া হয়েছে। এর ফলে ভারত সফরে না যাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো শাস্তি ভোগ করতে হবে না বলে আইসিসি জানিয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন