Ridge Bangla

নতুন ১৪টি ক্রেনে বাড়ল পতেঙ্গা কনটেইনার টার্মিনালের সক্ষমতা

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে ১৪টি নতুন রাবার-টাইয়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন যুক্ত করা হয়েছে। এর ফলে টার্মিনালে কনটেইনার ওঠানামার গতি বাড়বে এবং সার্বিক অপারেশন আরও দক্ষ হবে। কমিশনিং প্রক্রিয়া শেষে গত ১৫ ডিসেম্বর ক্রেনগুলো টার্মিনালের অপারেটর সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

চীনা নির্মাতা জেনমা উৎপাদিত এসব ক্রেন গত অক্টোবরে বন্দরে পৌঁছায়। হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমোডর মাজহারুল ইসলাম জুয়েল, বে টার্মিনাল প্রকল্প পরিচালক কমোডর মাহফুজুর রহমান, আরএসজিটিআই চট্টগ্রামের প্রধান পরিচালন কর্মকর্তা এনি লেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরএসজিটিআই সূত্র জানায়, প্রতিটি ক্রেন সর্বোচ্চ ৪১ টন ওজনের কনটেইনার উত্তোলনে সক্ষম। বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে পরিচালিত হওয়ায় এসব ক্রেনে জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ তুলনামূলক কম হবে। এতে অপারেশনাল খরচ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।

গত জুনে ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় আরএসজিটিআই টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে। মে থেকে অক্টোবর পর্যন্ত সময়ে পিসিটিতে মোট এক লাখ আট হাজারের বেশি টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অক্টোবরে মাসিক হ্যান্ডলিং রেকর্ড ২৫ হাজার টিইইউ ছাড়িয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও অপারেটরের মতে, নতুন আরটিজি যুক্ত হওয়ায় স্টোরেজ দক্ষতা বাড়বে, ট্রানজিট টাইম কমবে এবং ধীরে ধীরে টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে।

This post was viewed: 11

আরো পড়ুন