সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত হয়েছে। বেতন কমিশন ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে প্রতিবেদন দাখিল করবে, যা পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে পুরোপুরি বাস্তবায়িত হবে।
২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার নতুন বেতনকাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়িয়েছে। বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত ৭০–৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।
প্রস্তাবিত কাঠামোতে নিম্নস্তরের কর্মীদের বেতন–ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে। বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই নতুন বেতনকাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন।